হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষ এবং পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার বিরাট (উজান পাড়া) গ্রামে এই সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরসের অনুসারী এবং একই গ্রামের ইউপি সদস্য মুজিবর রহমান মজুর অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে এই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার সন্ধ্যায় সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সঙ্গে মজু পক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু ও মহিবুরের একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এই বাগবিতণ্ডা একপর্যায়ে সহিংস রূপ নেয়। উভয়পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) এবং বারাম মিয়া (৪৮) এর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫) সহ আরও অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানা গেছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবার হোসেন জানান, সন্ধ্যায় দুই পক্ষের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
রিপোর্টারের নাম 





















