চাঁদপুরের মতলব উত্তরে একটি হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। কিশোর গ্যাংয়ের এই হামলায় বরের বাবা ও ভাইসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাবুলাল বিশ্বাস (৬০), তার ছেলে ত্রিনাথ বিশ্বাস (৩২) এবং বৃজন রানী (৪৫)। হামলার পর তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার নবীর হোসেনের ছেলে মহনের নেতৃত্বে একদল উশৃঙ্খল যুবক বিয়ে বাড়িতে প্রবেশ করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দর কষাকষির একপর্যায়ে তারা ৩০ হাজার টাকা দাবি করে বসে। পরিস্থিতি শান্ত রাখতে বরপক্ষ তিন হাজার টাকা দিলেও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বরের বাবা ও ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেবল মারধরই করেনি, অনুষ্ঠানস্থলের আসবাবপত্র ভাঙচুরসহ আশপাশের বাড়িতেও আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী ত্রিনাথ বিশ্বাস জানান, তিনি প্রবাস থেকে ভাইয়ের বিয়ে উপলক্ষে দেশে এসেছেন। ঘটনার সময় তারা কেরাম খেলছিলেন। হঠাৎ একদল যুবক এসে হামলা চালায় এবং তার ও তার ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় তার মাথা ফেটে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাগানবাড়ি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মো. সেলিম মোল্লা জানান, ঘটনার সময় তিনি তারাবির নামাজে ছিলেন। খবর পাওয়ার পরপরই তিনি পুলিশকে অবহিত করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজি বা সহিংসতার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 




















