যশোরের অভয়নগরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ভাটপাড়া বাজারে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে উভয় দল মিছিল বের করলে এক পর্যায়ে উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তেই সংঘর্ষ ভাটপাড়া বাজারজুড়ে ছড়িয়ে পড়ে, এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
সংঘর্ষে আহতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খালিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ এবং বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন। এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষে আহত হয়েছেন ইউনিয়ন আমির সিরাজুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা ও সমর্থক শরিফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ অভিযোগ করেন, জামায়াত-শিবিরের মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি জানান, খালিদ ও ইকবাল হোসেনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং তাকে ও জাকির হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। তাদের মিছিলে থাকা আরও অন্তত ২০ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উসকানিমূলক স্লোগান দিয়ে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, দেশীয় অস্ত্রসহকারে তাদের ২০/৩০ জন নেতাকর্মীকে মারপিট করে আহত করা হয়েছে, যার মধ্যে ইউনিয়ন জামায়াতের আমিরও রয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টারের নাম 























