বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে মালবাহী একটি পেকুর সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মাহিলাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল রোগীবাহী অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পেকুর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ফেনী জেলার বাসিন্দা নাইমুল ইসলামের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন এবং প্রদীপ।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ব্যাপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























