বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে তিনি তার সহযোগীদের নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ওসমান আলী’। অভিযোগ উঠেছে, কাজ শুরু হওয়ার পর থেকেই নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান ও তার ৭-৮ জন অনুসারী ঠিকাদারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
ঠিকাদার এস এম বদিউজ্জামান জানান, সরকারি দরপত্রের সকল নিয়ম মেনেই নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। তবে বিএনপি নেতা হাফিজুর রহমান ও তার লোকজন মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেন। এর প্রতিকার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা হাফিজুর রহমান। তিনি দাবি করেন, নির্মাণকাজে অনিয়ম হওয়ার কারণে স্থানীয়ভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।
এদিকে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী জানিয়েছেন, প্রতিষ্ঠানের নির্মাণকাজ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং কাজ নিয়মমাফিকই চলছিল। তবে স্থানীয় কিছু ব্যক্তি চাঁদা দাবি করায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন বলে তিনি শুনেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























