পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা ‘গ্রিনসিটি’তে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) এবং আহত মেনচেভ (৫৩) উভয়েই রূপপুর প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম-এর কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। একপর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাদের পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত অপর রুশ নাগরিক বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 























