‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সামনে আয়োজিত পথসভায় এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে, একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য নয়। তিনি অতীতের একদলীয় শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে গুম ও হয়রানির শিকার হতে হতো। তিনি সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনার একটি রোগ ছিল সবাই খারাপ শেখ হাসিনা ভালো, বিএনপির আমলে এই রোগ হতে দেব না, বিএনপির সবাই খারাপ তারেক রহমান ভালো- এই রোগ হতে দেব না।’ তিনি আরও যোগ করেন, যদি আবার কেউ একদলীয় শাসন প্রতিষ্ঠার কথা ভাবেন, তাহলে আওয়ামী লীগের পরিণতির কথা মনে রাখতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান সরকার গুমবিরোধী অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। আদানি ইস্যুতে তিনি বলেন, ভারতের আদানি কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে বিপুল অর্থ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তিনি এ ধরনের প্রকল্প থেকে সরে এসে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এবং প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশে আরও ‘পুশ-ইন’ করার পরিকল্পনার কথা উঠে এসেছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, সীমান্তবর্তী এলাকাকে আরও নিরাপদ করা এবং বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানান। বিএনপিকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘বিএনপি আজ ক্ষমতাসীন দল। তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালো কাজের প্রশংসা করব, তবে কোনো ভুল করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
রিপোর্টারের নাম 
























