কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার অস্থায়ী আশ্রয় কেন্দ্র মাটি চাপা পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে এই ধস নেমেছে বলে জানা গেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি) ড. মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মাদরাসাটি দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। ঠিক কতজন মানুষ মাটিচাপা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে কক্সবাজার জেলায় পাহাড় ধস ও বৃষ্টিজনিত কারণে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার সকালে কক্সবাজার শহরে একজন, সোমবার রোহিঙ্গা ক্যাম্পে আটজন এবং কক্সবাজার শহর ও পেকুয়ায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, বৃষ্টিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত তিন দিনে জেলায় ১৩ জনের প্রাণহানি হয়েছে।
রিপোর্টারের নাম 



















