ইনবক্সে জমে থাকা অসংখ্য ই-মেইলের ভিড়ে প্রয়োজনীয় বার্তা খুঁজে পাওয়ার ঝক্কি থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে গুগল তাদের ই-মেইল সেবায় নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শক্তিশালী ফিচার ‘জেমিনি লাইভ’। এতদিন প্রয়োজনীয় তথ্য খুঁজতে সার্চ বক্সে নির্দিষ্ট কিছু কি-ওয়ার্ড লিখে সার্চ দিতে হতো, কিন্তু এখন সেই অভিজ্ঞতায় পরিবর্তন আসছে। চলতি বছরের শুরুতে গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলনে এই উদ্ভাবনী ফিচারটির ঘোষণা দেওয়া হয়েছিল। গুগল জানিয়েছে, বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এই ফিচারটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এটি চালু হলে জিমেইল কেবল বার্তা আদান-প্রদান বা সংরক্ষণের মাধ্যম হিসেবেই নয়, বরং একজন ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবেও কাজ করবে।
নতুন এই জেমিনি লাইভ ফিচারে দুটি প্রধান অংশ থাকবে। এর প্রথমটি হলো কণ্ঠনির্ভর বা ভয়েস-ভিত্তিক ‘জিমেইল লাইভ’, যেখানে ব্যবহারকারীরা কথা বলেই নিজেদের প্রয়োজনীয় তথ্য বা ই-মেইল সম্পর্কে জানতে পারবেন। দ্বিতীয়টি হলো ‘আস্ক জিমেইল’, যেখানে ব্যবহারকারী স্বাভাবিক ভাষায় লিখে প্রশ্ন করতে পারবেন এবং জেমিনি সেই প্রশ্ন বিশ্লেষণ করে ইনবক্সের সংশ্লিষ্ট ই-মেইল থেকে সুনির্দিষ্ট তথ্য খুঁজে দেবে। জিমেইল অ্যাপের সার্চ বক্সে ট্যাপ করলেই ‘আস্ক জিমেইল’ চালু হবে। পাশাপাশি সার্চ বক্সে থাকা জেমিনি লাইভ আইকনে ক্লিক করলেই কণ্ঠনির্ভর সুবিধাটি সক্রিয় হয়ে যাবে।
জিমেইল লাইভে প্রবেশ করলে ব্যবহারকারীরা জেমিনি লাইভের মতো একটি পরিচিত ও সহজ ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে কিছু নমুনা প্রশ্নও সাজানো থাকবে। ব্যবহারকারী স্বাভাবিক ভাষায় প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জেমিনি সংশ্লিষ্ট সকল ই-মেইল বিশ্লেষণ করে লিখিত ও কণ্ঠ—উভয় মাধ্যমেই ব্যবহারকারীকে উত্তর জানিয়ে দেবে। শুধু উত্তর দিয়েই জেমিনি ক্ষান্ত হবে না, বরং তথ্যের উৎস হিসেবে সংশ্লিষ্ট ই-মেইলটিও প্রদর্শন করবে, যাতে ব্যবহারকারী চাইলে সরাসরি মূল বার্তাটি যাচাই করে নিতে পারেন। গুগল জানিয়েছে যে, পর্যায়ক্রমে ‘গুগল এআই প্রো’ এবং ‘গুগল এআই আলট্রা’ গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধাটি উন্মুক্ত করা হবে। এর ফলে হাজার হাজার ই-মেইলের মধ্যে নির্দিষ্ট শব্দ বা প্রেরকের নাম মনে রাখার প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে এবং স্মার্টফোনের মাধ্যমেই ব্যবহারকারীরা আরও দ্রুত ও কার্যকরভাবে তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারবেন।
রিপোর্টারের নাম 
























