ফরিদপুরের ভাঙ্গায় বকেয়া বেতনের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরিরা। বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের দপ্তরের সামনে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় ক্ষুব্ধ কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগীরা জানান, উপজেলার ৭৪ জন নৈশ প্রহরী গত তিন থেকে ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না। এর ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বারবার শিক্ষা কর্মকর্তার কাছে ধরণা দিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। বুধবার সকালে শিক্ষা কর্মকর্তার বদলির খবর পেয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে তার কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বৈঠকে বসেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, দপ্তরীদের বেতন সরাসরি তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয় এবং বর্তমানে কিছু জটিলতার কারণে তা আটকে আছে। তবে বিক্ষোভকারীদের দাবি, কর্মকর্তার অবহেলার কারণেই এই সংকট তৈরি হয়েছে। ইউএনও’র আশ্বাসের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
রিপোর্টারের নাম 
























