মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য আগাম লেনদেন এবং মেডিকেল টেস্ট নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মী প্রেরণ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের সাথে কোনো প্রকার যোগাযোগ, চুক্তি বা আর্থিক লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো প্রকার মেডিকেল টেস্ট করা বা এ বাবদ কোনো অর্থ লেনদেন করা থেকে সকলকে বিরত থাকতে হবে। রিক্রুটিং এজেন্টদের জন্য স্পষ্ট নির্দেশনা হলো, সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যেকোনো বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সাথেও সরাসরি যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
রিপোর্টারের নাম 























