বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বুধবার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সম্ভাব্য সহায়তার বিষয়টিও উঠে আসে।
বৈশ্বিক নিরাপত্তা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির অবদানের প্রশংসা করে ভবিষ্যতে বিশ্বশান্তি রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দুই প্রতিনিধি। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে এই প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 




















