২০২৪ সালের জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে ছাত্রদলের নেতাকর্মীরাই আগুন লাগিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।
রাকিবুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট ছাত্রলীগকে রাজপথ থেকে বিতাড়িত করতে যাত্রাবাড়ী ও শাহবাগসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, আন্দোলনের কঠিন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বারবার তাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং ছাত্রদল রাজপথে থেকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বক্তব্য রাখেন। তিনি তার ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, আবু সাঈদের আত্মত্যাগই সাধারণ মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নামতে সাহসী করেছিল। এ সময় তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























