গৃহযুদ্ধকবলিত সুদানে কলেরার প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করেছে। দেশটির পশ্চিম কর্দোফান রাজ্যে গত কয়েক দিনে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৮০০-এর বেশি মানুষ। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২০ জুন থেকে এই সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ওয়াদ বান্দা ও আল-নাহুদ এলাকাসহ আশপাশের অন্তত ২৫টি গ্রামে এই রোগ ছড়িয়ে পড়েছে।
দার হামার জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্তদের জীবন বাঁচাতে দ্রুত ওষুধ, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রয়োজন। তারা আন্তর্জাতিক মানবিক সংস্থা ও সুদানের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। এর আগে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, উত্তর ও পশ্চিম কর্দোফান অঞ্চলে মোট ৯১১ জন আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ১২৭ ছাড়িয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এই যুদ্ধের ফলে দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। সংঘাতের কারণে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছেন, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
রিপোর্টারের নাম 
























