কুমিল্লার তিতাস উপজেলায় মাদকের টাকার জন্য বড় বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে গত শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সানাউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন তিনি। ঘটনার দিন টাকার দাবিতে বড় বোন রাজিয়া আক্তারকে নির্দয়ভাবে মারধর করেন। এসময় গ্রামবাসী সানাউল্লাহকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিতাস থানা পুলিশ। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সানাউল্লাহকে মাদক সেবনের দায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হলেও বোনের মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























