সুন্দরবনের গহীনে শিকারিদের পেতে রাখা অবৈধ ফাঁদ থেকে একটি বন্য শুকরকে জীবিত উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী রেঞ্জের বড় কেয়াখালী খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বনরক্ষীরা প্রাণীটিকে আটকে থাকতে দেখেন। এরপর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে শুকরটিকে নিরাপদে মুক্ত করা হয়।
বনবিভাগের এই অভিযানে স্থানীয় কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) এবং কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বন্য শুকরটিকে ফাঁদমুক্ত করে সুন্দরবনের গহীনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন কর্মকর্তারা জানান, বনের জীববৈচিত্র্য রক্ষায় তাদের এ ধরনের নজরদারি নিয়মিত অব্যাহত থাকে।
বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার এবং ফাঁদ পাতা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সাথে তিনি সুন্দরবনের অমূল্য সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনপদকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























