ফেনী সদর উপজেলার ছনুয়ার ফারজানা আক্তার ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ জুন কুমিল্লায় স্বামীর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। ফারজানার স্বজনরা অভিযোগ করছেন, দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফারজানাকে গুম করা হয়েছে। নিখোঁজ গৃহবধূর সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও স্বামীর পরিবারের অসহযোগিতার কারণে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে দাবি পুলিশের।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফারজানার সঙ্গে কুমিল্লার নাঙ্গলকোট থানার হেসাখাল এলাকার দুবাই প্রবাসী শাহাদাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দেবর শাহপরানের কারণে পরিবারে অশান্তি বিরাজ করছিল। ফারজানার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দেবর শাহপরান ফারজানাকে গুম করে নানা কল্পকাহিনি ছড়াচ্ছে।
জানা গেছে, ফারজানা ৯ জুন থেকে নিখোঁজ থাকলেও তার স্বামীর পরিবার এ বিষয়ে থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করেনি। ফারজানার মা, ফুপু ও বাবা কুমিল্লা নাঙ্গলকোট থানা পুলিশের কাছে তাদের মেয়ের দ্রুত সন্ধান ও উদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ কামনা করেছেন।
নাঙ্গলকোট থানার এসআই ও ঘটনা তদন্ত কর্মকর্তা আশরাফ জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং নিখোঁজ ফারজানাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। তবে স্বামীর পরিবারের দিক থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তদন্তে কিছুটা ধীরগতি আসছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























