চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ১৭ বছর ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকা তিন গ্রামের সংযোগ সড়কটির অবশেষে উন্নয়ন কাজ শুরু হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি সংস্কারের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবশেষে, পূর্ব আশিয়া মুছা পুকুর সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়নের আওতায় এসেছে। গত বুধবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে টিআর-কাবিখা প্রকল্পের অধীনে এই সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, যুবদল নেতা রুবেল, বাবুল, সোহেল ও শহীদ, কৃষক দল নেতা কাজী মুবিন ও নুরুল কবির, শ্রমিক দল নেতা সাইফু, পটিয়া উপজেলা ছাত্রদলের নেতা কায়ছার আলম রিমন, যুবদল নেতা বাহাদুর, বিএনপি নেতা সাইফুদ্দিন ও ইয়াসিন মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দা এবং পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু জানান, আশিয়া পূর্বপাড়া এলাকার মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়নবঞ্চিত ছিল। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে সড়ক উন্নয়ন কাজ শুরু করেছেন, যা তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তিনি নির্বাচনী প্রচারণায় এসে সড়কটির বেহাল অবস্থা দেখে গিয়েছিলেন। এলাকাবাসী হিসেবে তাঁরা সংসদ সদস্য এনামুল হক এনামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী বলেন, পূর্ব আশিয়া মুছা পুকুরপাড় সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সড়কটির উন্নয়ন হওয়ায় তিন গ্রামের মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াতও নির্বিঘ্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 


















