দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষায় রাউজানে ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বছর রাউজানে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪ হাজার ২১ জন, যার মধ্যে ছাত্র ১ হাজার ৭০৫ জন ও ছাত্রী ২ হাজার ৩১৬ জন। কলেজ পর্যায়ে ৩ হাজার ৪১৩ শিক্ষার্থীর মধ্যে ৫৪ জন এবং মাদরাসা পর্যায়ে আলিম শিক্ষার্থীদের মধ্যে ৪০৮ জনের মধ্যে ১০ জন অনুপস্থিত দেখা যায়। এছাড়া ভোকেশনালের ২০০ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাউজানে মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চারটি কলেজ, তিনটি মাদরাসা ও ভোকেশনালের জন্য একটি কেন্দ্র ছিল।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম জানান, রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সমস্যা দেখা যায়নি এবং সবগুলো হল সিসিটিভি ক্যামেরার আওতাধীন ছিল। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুরের নবাবগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক জানান, অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে ৩০ জন এবং আলিমে ৩৬ জন পরীক্ষার্থী ছিল।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানান, উপজেলার সরকারি এমএ রেজা কলেজ, হাবিব উল্লাহ কলেজ ও শহীদ সিরাজ সিকদার কলেজ কেন্দ্রে এইচএসসি এবং গৈড্যা এমএস ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা শুরু হয়েছে। এ বছর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭৭৭ জন, যার মধ্যে প্রথম দিনে ১৫ জন অনুপস্থিত ছিল। আর আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন, এর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, উপজেলার একমাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 


















