কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম জোনায়েদ (২৩), তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাহামিয়ার ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো শপিং ব্যাগ থেকে ৩০টি নীল জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 






















