বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে রাতের অন্ধকারে দুটি মৎস্যঘেরে বিষপ্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। গত বুধবার ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে জড়িত।
ভুক্তভোগী মৎস্যচাষী শেখ মিরানুজ্জামান জানান, বুধবার ভোরে তিনি ও তার প্রতিবেশী জালাল শেখ তাদের মৎস্যঘেরে বিষক্রিয়ায় মারা যাওয়া বিপুল পরিমাণ মাছ দেখতে পান। ঘেরে থাকা গলদা চিংড়ি, রেণুসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ বিষের প্রভাবে পচে নষ্ট হয়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা মনে করছেন, এলাকায় মাদকসেবী এবং সুন্দরবনে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ার কারণে ডাকাত চক্রের সদস্যরা লোকালয়ে ঢুকে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন জানিয়েছেন, বিষপ্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি তারা জানতে পেরেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















