লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনার অর্থ কোনোভাবেই আত্মসমর্পণ নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং দেশের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে না। বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট আউন বলেন, লেবানন দীর্ঘ সময় ধরে যুদ্ধ ও পরাধীনতার গ্লানি সহ্য করেছে। এখন সময় এসেছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের নাগরিকরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে চান এবং তারা সরকারের এই অবস্থানকে সমর্থন করেন।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে লেবানন সরকারের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক পক্ষই মনে করছে, এই চুক্তির ফলে দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ হতে পারে। তবে আউন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সমঝোতার শর্তগুলো লেবাননের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং তা দেশের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই করা হচ্ছে। যারা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাদের রাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 























