কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশন এলাকা থেকে অপহৃত এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়ামকে ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে অপহরণকারীরা তাকে লাকসাম পৌর এলাকার একটি নির্জন রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে পুলিশি পাহারায় স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম বুধবার মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় যান। সেখানে একদল দুর্বৃত্ত তাকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর সিয়ামের বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে।
পুলিশের ব্যাপক তৎপরতা টের পেয়ে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে সিয়ামকে লাকসাম পৌর এলাকায় ফেলে রেখে যায়। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। সিয়ামের মা আয়েশা আক্তার জানান, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণেই তার ছেলেকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন নাহার লাইলী জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি পরিকল্পিত অপহরণ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিয়াম যেন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, সেজন্যই এই ঘটনা ঘটানো হতে পারে।
রিপোর্টারের নাম 

























