চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার ছাত্রী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬’ শীর্ষক এই আয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম এই উদ্যোগে সহযোগিতা করেছে।
চাকসু সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চারটি ভিন্ন বিভাগে ছাত্রীদের স্বাস্থ্যসেবা দেন। এই বিভাগগুলো ছিল গাইনোকলজি, মেডিসিন, ডার্মাটোলজি ও নিউট্রিশন। চিকিৎসাসেবার পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
চাকসুর ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বিপা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে কিছুটা দূরে হওয়ায় অনেক ছাত্রী সহজে চিকিৎসাসেবা নিতে পারেন না। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ক্যাম্পে অংশ নিতে আগে থেকেই প্রায় ১ হাজার ১০০ ছাত্রী নিবন্ধন করেছিলেন। তবে নিবন্ধনের বাইরেও অনেক ছাত্রী সেবা গ্রহণ করেন, সব মিলিয়ে প্রায় দেড় হাজার ছাত্রী এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক জানান, ভবিষ্যতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। তিনি আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, চাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























