থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৌদ্ধ ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়া অন্তত আটজন সন্ন্যাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৩৫ জন সন্ন্যাসী এবং পাঁচজন সাধারণ অনুসারী ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সন্ন্যাসী ফ্রা সোমপং জানান, তিনি একটি পিকআপ ট্রাককে তাদের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখেছিলেন। তিনি তখন ‘বুদ্ধো, বুদ্ধো’ মন্ত্র জপ করছিলেন। হঠাৎ ট্রাকটি সজোরে এসে শোভাযাত্রার ওপর উঠে যায়। তিনি বলেন, “আমি ও আরেকজন সন্ন্যাসী সময়মতো লাফ দিয়ে সরে যেতে পেরেছিলাম। তবে সামনের কয়েকজন বেঁচে গেলেও পেছনের অনেককে ট্রাকটি সজোরে ধাক্কা দেয় এবং তারা ছিটকে পড়ে।”
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই পাঁচজন সন্ন্যাসীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপটি চালাচ্ছিল মাত্র ১১ বছর বয়সী এক শিশু, যে তার বাবা-মায়ের গাড়ি নিয়ে বেরিয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























