চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে গোসল ও মাছ ধরতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন তলিয়ে যান। একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আরও একজন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।
পদ্মা নদীতে নিখোঁজ দুজন হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা উভয়ই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে তারা চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিম নগর ঘাটে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেন। তৃতীয় নিখোঁজ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপরদিকে, মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাকিরুল ইসলাম (৩০) নামে এক যুবক। তিনি পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা ও মহানন্দা নদীতে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 

























