জাতীয় সংসদে মঙ্গলবার ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। তবে বিলটি পাসের আগে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনাকালে বিরোধী দলের সদস্যরা এই আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংশোধিত এই আইনে বিদ্যমান আইনের ২০ নম্বর ধারাটি বিলুপ্ত করা হয়েছে, যা আগে সাইবার স্পেসে জুয়া সংক্রান্ত অপরাধের জন্য কার্যকর ছিল। এখন থেকে অনলাইন জুয়া প্রতিরোধে আলাদা নতুন আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সংসদে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাবি করেন, এই আইন যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্ন মত দমনে ব্যবহৃত না হয়।
বিশেষ করে নারী ও পাবলিক ফিগারদের সাইবার বুলিং এবং এআই প্রযুক্তির অপব্যবহার থেকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। সংসদ সদস্যরা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব এবং ভুয়া তথ্যের ভিড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে সেই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন মানুষের বাকস্বাধীনতা ক্ষুণ্ণ না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।
রিপোর্টারের নাম 






















