গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার জুনদহ বাজার এলাকায় ফুটবল খেলা ও পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় বিএনপি সভাপতিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষ চলাকালে ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং বাজারের বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। বিএনপি ও জামায়াত উভয় দলই এই হামলার জন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















