রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে সজিব আলী নামের ওই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক সজিব কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সজিব আলী পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে তাকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তাকে বিভাগের সামনে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি জানান, আটক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না তা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















