১৮ বছর পর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব পদে পরিবর্তন এসেছে। দলের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। এর আগে তিনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান বলেন, ‘আমাদের নেতৃত্বে পরিবর্তন হবে, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তবে ইসলামী সংগঠনের চরিত্রের কথা বিবেচনা করলে দেখা যায়, একজন মানুষ যতক্ষণ মৌলিক কোনো সমস্যায় না পড়েন, ততক্ষণ তিনি দায়িত্ব পালন করে যেতে পারেন। অনেকেই ১৮ বছরকে দীর্ঘ সময় মনে করেন, কিন্তু আমার মনে হয় তিনি যদি আরও ১০ বছর দায়িত্ব পালন করতে পারতেন, তাহলেও কোনো সমস্যা হতো না।’
দলের আমিরের পদে কেন পরিবর্তন হয়নি, সেই ব্যাখ্যাও দেন গাজী আতাউর। তিনি বলেন, ‘একজন মানুষের যদি বিচার-বুদ্ধির ব্যত্যয় না ঘটে এবং যতক্ষণ পর্যন্ত শারীরিক সক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আইন অনুযায়ী নেতৃত্ব পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, তিনি যাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা আমিরের পরিবর্তন চান কিনা? আমরা আমাদের আমিরকে চাই কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। অন্যদের চাওয়ায় তো আর আমাদের সংগঠন চলবে না।’
রিপোর্টারের নাম 

























