পটুয়াখালীর দুমকিতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একটি বেপরোয়া কুকুরের আক্রমণে এই ঘটনা ঘটে। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন পাঁচ বছর বয়সী আরাবী, ছয় বছর বয়সী জিদান, আট বছর বয়সী মুবিন, বগা এলাকার নয় বছর বয়সী মুরসালিন এবং জলিশা এলাকার পাঁচ বছর বয়সী তাইবা ও এগারো বছর বয়সী নিঝুম। আহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো-সাদা রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে পথচারী ও শিশুদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র কুকুর আতঙ্ক বিরাজ করছে।
দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা এ প্রসঙ্গে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন নিশ্চিত করেছেন, মঙ্গলবার ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রিপোর্টারের নাম 

























