ভোলার দৌলতখানে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রেজবি আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেজবি ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে চর খলিফা ইউনিয়নের সালাউদ্দিনের মেয়ে রেজবির সাথে সৌদিপ্রবাসী সুমনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে পড়াশোনা এবং কলেজে যাওয়া-আসা নিয়ে শাশুড়ির সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল বলে নিহতের পরিবার দাবি করেছে। ভুক্তভোগীর মা রোজিনা আক্তারের অভিযোগ, তার মেয়ের পড়াশোনা করা শাশুড়ি পছন্দ করতেন না। এই বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে মনোমালিন্যের জেরে অভিমান করে তিনি নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























