ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজি. নং- ঢাকা মেট্রো ব-১৪-৭৮০৬) এবং পটুয়াখালী থেকে ঢাকাগামী বাউফল ট্রাভেলসের একটি বাস (রেজি. নং- ঢাকা মেট্রো ব-১৪-৭৯৯১) শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মাদ মহসীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
রিপোর্টারের নাম 

























