তালাক না দিয়েই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা একটি মামলায় জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটল।
এর আগে গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেছিলেন। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও, আসামিপক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর অভিযোগ ওঠে, আইনগতভাবে পূর্বের স্বামীকে তালাক না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করেছেন।
এই অভিযোগের ভিত্তিতে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান ছিল।
রিপোর্টারের নাম 






















