গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে এক বছরের মধ্যে সাধারণ মানুষ বাড়ি-ঘর করতে পারবেন এমন পরিবেশ তৈরির জন্য কাজ চলছে। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অগ্রগতি আশানুরূপ ছিল না। বর্তমানে প্রকল্পের অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল এবং ইটিপি সেন্টার নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে।
বুধবার ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় রাজউক কর্তৃক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ কাজও দ্রুত শুরু হবে। এছাড়াও, প্রকল্প এলাকা আলোকিত করতে স্ট্রিট লাইট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় একটি থানা স্থাপনের কাজ চলছে এবং স্থানীয় থানা থেকে পাঁচটি টহল টিম বর্তমানে সেখানে দায়িত্ব পালন করছে। পরিদর্শনের সময় মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন এলাকা ঘুরে দেখেন।
রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনের সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউকের কর্মকর্তাবৃন্দ এবং প্লট বরাদ্দ প্রাপ্তগণ।
রিপোর্টারের নাম 



















