ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কলেজছাত্রকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নাহিয়ান রবিন (২৩) পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ঘটনার সময় তার বন্ধু মাসুমকেও পিটিয়ে আহত করা হয়। সোমবার রাত পৌনে ১টার দিকে ২৩তম জন্মদিনের কেক কেটে বাসায় ফেরার পথে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি রোড এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ গতকাল মঙ্গলবার সকালে কলেজ রোডের নিজ বাড়ি মোতালেব প্লাজা থেকে ব্যবসায়ী মোতাবেল মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগকর্মী রাজিব মিয়াকে আটক করেছে। তার কাছ থেকে দুটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড কার্তুজ, ১০০ পিস ইয়াবা, একটি সুইস গিয়ার ও একটি চাকু জব্দ করা হয়েছে। রাজিবের বাসার সিঁড়িতে রক্তও পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আটক রাজিব এবং নিহত রবিন দুজনেই ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিনের জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার পর তিনি বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এবং পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মাসুম কোনোমতে পালিয়ে যেতে পারলেও সন্ত্রাসীরা রবিনকে ধরে ফেলে এবং তার হাত-পা ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে।
রিপোর্টারের নাম 



















