চট্টগ্রামে জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতি মুছে ফেলা এবং নতুন গ্রাফিতি আঁকার সময় পুলিশি হামলার অভিযোগের প্রতিবাদে বরিশালে গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। বুধবার (২০ মে) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনের ইতিহাস, স্মৃতি ও চেতনা বহনকারী গ্রাফিতিগুলো মুছে ফেলা এবং নতুন করে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশি বাধা ও হামলার ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাদের দাবি, গণঅভ্যুত্থান ও গণমানুষের আন্দোলনের বার্তা বহনকারী এসব গ্রাফিতি ইতিহাসের অংশ, তাই সেগুলো মুছে ফেলার কোনো যৌক্তিকতা নেই। তারা বলেন, আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দিতে গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন প্রতিবাদী স্লোগান ও চিত্রসম্বলিত গ্রাফিতি পুনর্লিখন করেন। একই সঙ্গে তারা জুলাই আন্দোলনের চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তারা আন্দোলনের ইতিহাস ও স্মৃতিচিহ্ন সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
রিপোর্টারের নাম 

























