চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত ৭ জুন তারা নিজ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে থানায় যোগাযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন জোরারগঞ্জ থানার এসআই (নি.) মো. জিশান আহম্মেদ।
তদন্তের এক পর্যায়ে গত ১০ জুন রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তিন কিশোরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোররা হলো— মোরছালিন (১৪), মেহেরাজ হোসাইন (১৪) এবং মো. রাইসুল (১৪)। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, পারিবারিক মানসিক চাপের কারণে তারা বাড়ি ছেড়ে চট্টগ্রাম শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী এসআই (নি.) মো. জিশান আহম্মেদ বলেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন এবং ধারাবাহিক প্রচেষ্টার ফলে তিন কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম অভিভাবকদের সন্তানদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আরো জানান, এলাকায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 



















