হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা একত্ববাদ এবং আল্লাহর প্রতি আনুগত্যের উপর প্রতিষ্ঠিত। একই সাথে, এই পবিত্র মহোৎসব বিশ্বের বিভিন্ন জাতি ও সংস্কৃতির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্য গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ মঙ্গলবার (২৬ মে) পবিত্র নামিরাহ মসজিদে আরাফাতের ঐতিহাসিক খুতবা প্রদানের সময় মসজিদে নববীর ইমাম শেখ আলী আল-হুজাইফি এই কথা বলেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
খুতবায় শেখ আলী আল-হুজাইফি বলেন, সঠিকভাবে হজ পালনের জন্য উত্তম আচরণ, সত্যবাদিতা এবং পাপ, বিবাদ ও দলীয় বা রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকা অপরিহার্য। তিনি ইসলামের মূল স্তম্ভসমূহ, আল্লাহভীতির (তাকওয়া) গুরুত্ব এবং মুমিনদের জন্য আল্লাহর সাহায্যের বিধান নিয়েও আলোচনা করেন।
আল-হুজাইফি হজের আনুষ্ঠানিকতার বিভিন্ন ধাপ বর্ণনা করেন এবং হাজিদের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে এবং জননিরাপত্তা রক্ষার্থে ভিড় ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন।
খুতবার শেষ অংশে তিনি হাজিদের হজের আচার-অনুষ্ঠান কবুল হওয়ার জন্য, মুসলিম বিশ্বের ঐক্য এবং পবিত্র দুই মসজিদের (হারামাইন শরিফাইন) নিরবচ্ছিন্ন সেবায় নিয়োজিত সৌদি নেতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
ঐতিহাসিক এই খুতবা সমাপ্ত হওয়ার পর হাজিরা সুন্নাহ অনুসারে জোহর ও আসরের নামাজ একসঙ্গে এবং সংক্ষিপ্ত আকারে আদায় করেন। এ সময় নামিরাহ মসজিদে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আশশাইখ এবং ধর্ম বিষয়ক সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























