বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, সিভিল এভিয়েশন একাডেমি দেশের এভিয়েশন সেক্টরে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বেবিচকের বৃহৎ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক মানের এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই প্রেক্ষাপটে, একাডেমি একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।
সোমবার (১৮ মে) বেবিচক সদর দফতরে সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) প্রণীত ট্রেনিং ইনস্ট্রাকটরস কোর্সের (টিআইসি) সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করা, যারা দেশের এভিয়েশন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান আরও জানান যে, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে ‘রুলস অফ দ্যা ইয়ার’ এবং ‘এরড্রোম অপারেশনস ফর এটকস’ নামক দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে, যা এভিয়েশন পেশাজীবীদের দক্ষতা আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে আইকাও প্রণীত টিআইসি কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 






















