রাজধানীর হাজারীবাগে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার অটোরিকশা, মোবাইল ফোন ও গলার চেইন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে হাজারীবাগ থানার ব্যাড়িবাধ মাহাদিনগর এলাকায়।
আহত চালকের নাম মনির মান্না (৩৫), তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, মাহাদিনগর এলাকায় স্থানীয় রাব্বিসহ ৩-৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তারা চালকের কাছ থেকে মোবাইল ফোন, গলার চেইন এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত মনির মান্না হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠ ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























