যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে শুক্রবারের মধ্যেই সুসংবাদ আসতে পারে। দ্য নিউইয়র্ক পোস্ট বুধবার ইসলামাবাদভিত্তিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আলোচনা আবার শুরু হতে পারে।
সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প একটি টেক্সট বার্তায় পত্রিকাটিকে বলেন, ‘এটা সম্ভব! – প্রেসিডেন্ট ডি.জে.টি।’ যদিও ট্রাম্প সরাসরি শুক্রবার আলোচনার কথা বলেননি, তবে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে এই দাবি নাকচ করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, ‘ট্রাম্প আবারো মিথ্যা বলেছেন। শুক্রবার আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত ইরানের নেই।’ এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, যাতে শান্তি আলোচনার জন্য আরও সময় পাওয়া যায়। নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো সংঘর্ষ না হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর থাকে। এটি প্রথমবার, যখন যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি। ট্রাম্প এ সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে পরামর্শকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান সরকারের ভেতরে বিভাজন রয়েছে—যা অপ্রত্যাশিত নয়। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে আমরা ইরানে হামলা স্থগিত রেখেছি, যতক্ষণ না তারা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রেখে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, যতক্ষণ না ইরান তাদের প্রস্তাব উপস্থাপন করে।
রিপোর্টারের নাম 
























