আন্তর্জাতিক নৌ-বাণিজ্য রুটের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একদিনে অন্তত তিনটি বাণিজ্যিক কনটেইনারবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবারের এই হামলার ঘটনা সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) নিশ্চিত করেছে। যদিও এসব ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ইউকেএমটিও-এর তথ্য অনুযায়ী, হামলার শিকার একটি জাহাজের মাস্টার জানিয়েছেন যে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) একটি গানবোট তাদের জাহাজের দিকে এগিয়ে এসে গুলি চালায়। নিরাপত্তা সূত্রমতে, গানবোটে তিনজন আরোহী ছিলেন। গ্রিস-চালিত ওই জাহাজটির মাস্টার আরও জানান, ঘটনার আগে কোনো বেতার যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে, ইরান উপকূল থেকে আট নটিক্যাল মাইল পশ্চিমে পানামা-পতাকাবাহী দ্বিতীয় একটি কনটেইনার জাহাজেও গুলি চালানো হয়। তবে এই ঘটনায় জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং ক্রুরা নিরাপদ আছেন। একই এলাকায় তৃতীয় আরেকটি লাইবেরিয়া-পতাকাবাহী জাহাজেও গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। জাহাজটি বর্তমানে সাগরে স্থির অবস্থায় রয়েছে এবং এর ক্রুরাও নিরাপদ আছেন।
উল্লেখ্য, ইরান অতীতে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের প্রতিবাদে এবং মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় এই গুরুত্বপূর্ণ পানিপথে চলাচলে বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছিল। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হতো।
রিপোর্টারের নাম 

























