বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি তাদের ‘লোভী শিকারি’ হিসেবে অভিহিত করে বলেছে, এই নেতাদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা বর্তমান বিশ্বব্যস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এক আদিম হিংস্রতার দিকে ধাবিত হচ্ছে। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত আট দশকে গড়ে ওঠা আন্তর্জাতিক শৃঙ্খলা ও মানবাধিকার কাঠামো এখন চরম ঝুঁকির মুখে। ২০২৫ সালে এসে এমন সব বৈশ্বিক নীতিগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা মানবাধিকার সুরক্ষার দীর্ঘদিনের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে ক্যালামার্ড বলেন, অনেক দেশের সরকার এই প্রভাবশালী নেতাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ না করে বরং তাদের তোষণ করছে। তিনি সতর্ক করে বলেন, এই তিন নেতার আক্রমণাত্মক আচরণ অন্য দেশের শাসকদেরও একই পথে চলতে প্ররোচিত করছে। এর ফলে বিশ্বজুড়ে স্বৈরাচারী শাসন ও দমনমূলক নীতি আরও শক্তিশালী হচ্ছে, যা সাধারণ মানুষের মৌলিক নাগরিক অধিকারকে খর্ব করছে।
রিপোর্টারের নাম 























