ওমান সাগরে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ ‘তুস্কা’ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছে ইরান। তেহরান এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ-সীমানায় সরাসরি ‘জলদস্যুতা’ এবং দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে দেশটি।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে পাঠানো এক পত্রে উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি বিপজ্জনক উসকানি। এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিনি অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়ার দাবি জানান এবং এই অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি জাহাজটি সংকেত অমান্য করায় মার্কিন নৌবাহিনী সেটির ইঞ্জিন রুমে গোলা ছুড়ে নিয়ন্ত্রণ নিয়েছে। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেও মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























