হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে ইটের নিচে বিশেষ কায়দায় বস্তাবন্দি অবস্থায় ভারতীয় ওষুধ ও ফুচকা লুকানো ছিল। অভিযান শেষে জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ পথে পণ্য আসা রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, চোরাচালান প্রতিরোধ ও দেশীয় শিল্প রক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























