যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তার মতে, ইরান এই প্রণালিটি পুনরায় চালু করতে মরিয়া কারণ এটি বন্ধ থাকায় তাদের প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার লোকসান হচ্ছে। ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে কেবল নিজেদের ‘মুখরক্ষা’ করার জন্য এটি বন্ধ রাখার নাটক করছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান কখনোই হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না। কারণ এর ওপর তাদের বিশাল অর্থনৈতিক স্বার্থ নির্ভর করছে। তিনি আরও উল্লেখ করেন যে, তার কঠোর অবস্থানের কারণেই ইরান বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে। ট্রাম্পের ভাষায়, ‘আমি এটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছি, তাই তারা এখন কেবল লোক দেখানোর চেষ্টা করছে।’
ট্রাম্প আরও জানান, তাকে অনেকে পরামর্শ দিয়েছেন যে ইরান দ্রুতই এই প্রণালিটি খুলে দিতে চায়। তবে তিনি মনে করেন, এখনই শিথিলতা দেখালে ইরানের সঙ্গে কোনো ফলপ্রসূ চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। এমনকি প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা নেতাদের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
রিপোর্টারের নাম 

























