ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা থেকে ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন বিজেপি সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুসলিম ভোটারদের ভোটাধিকার হরণ করতে এই পদক্ষেপ নিয়েছে। ২০২১ সালের নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হওয়া বিজেপি এবার বাংলা জয়ের লক্ষ্য নির্ধারণ করলেও তাদের প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থক মুসলিম ভোটারদের।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালের নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই প্রক্রিয়া চালানো হয়। গত এপ্রিলের শুরুতে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বাদ পড়া বিপুল সংখ্যক ভোটারের ৪১ শতাংশই মুসলিম। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম। তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলোর দাবি, যেসব এলাকায় মুসলিম ভোটাররা নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানেই পরিকল্পিতভাবে এই ছাঁটাই চালানো হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ৪ লাখ ৬০ হাজার ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। একইভাবে উত্তর ২৪ পরগনায় ৩ লাখ ৩০ হাজার এবং মালদহে ২ লাখ ৪০ হাজার ভোটার বাদ দেওয়া হয়েছে। এই তিনটি জেলাই বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীদের মতে, নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে আনতেই এমন বৈষম্যমূলক তালিকা প্রণয়ন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর বড় আঘাত।
রিপোর্টারের নাম 

























