ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের এক উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি এই পদক্ষেপকে ‘অর্থহীন’ হিসেবে অভিহিত করে সাফ জানিয়ে দিয়েছেন যে, তেহরানের ওপর কোনো ধরনের শর্ত চাপিয়ে দেওয়ার এখতিয়ার ওয়াশিংটনের নেই। মার্কিন নৌ অবরোধ এবং আলোচনার দীর্ঘসূত্রিতার মধ্যেই এই কড়া প্রতিক্রিয়া জানালো ইরান।
ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্বে কার্যত পরাজিত একটি পক্ষ। পরাজিত পক্ষ হয়ে কোনো দেশের ওপর শর্তারোপ করা আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা সতর্ক করে বলেছেন যে, ওয়াশিংটনের পক্ষ থেকে অব্যাহত চাপ এবং একতরফা সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি মার্কিন বাহিনীকে ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখার নির্দেশ দেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইরান এই পুরো প্রক্রিয়াকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ভিত্তিহীন বলে মনে করছে।
রিপোর্টারের নাম 

























