ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সন্ত্রাসী’ সম্বোধন করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়লে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। খাড়গে দাবি করেন, তিনি আক্ষরিক অর্থে প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী বলেননি; বরং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করে যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, সেই প্রেক্ষাপটেই তিনি এই শব্দ চয়ন করেছেন।
তামিলনাড়ু নির্বাচন সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাড়গে বিজেপি ও এআইএডিএমকে জোটের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মোদি সরকার ইডি, সিবিআই ও আয়কর বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এদিকে কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি তাকে ও তার দলকে ‘আর্বান নকশাল’ বলে পাল্টা আক্রমণ করেছে। এর আগে নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদির করা মন্তব্য নিয়েও দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল।
রিপোর্টারের নাম 

























